উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার ও বহু গ্রন্থের প্রণেতা মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এর আগে আজ সোমবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভী।
শোক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, "মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভী (রহ.) ছিলেন সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সাহসী কণ্ঠস্বর। হাদিস গবেষণা, ইসলামি ধর্মতত্ত্ব ও দাওয়াহর ময়দানে তাঁর অনন্য অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সারাজীবন সত্যের পক্ষে এবং মুসলিম উম্মাহর ঐক্য ও অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করে গেছেন।"
বিরোধীদলীয় নেতা আরও উল্লেখ করেন যে, দারুল উলুম নদওয়াতুল উলামার দাওয়াহ ও শরিয়াহ অনুষদের সাবেক ডিন এবং জামেয়া ইমাম আহমদ ইবনে ইরফান শহিদের প্রেসিডেন্ট হিসেবে মাওলানা নদভী দেশ-বিদেশের লাখ লাখ শিক্ষার্থী ও আলেমের জন্য এক আলোকবর্তিকা ছিলেন। তাঁর এই আকস্মিক বিদায় সমগ্র ইসলামি বিশ্বের জন্য, বিশেষ করে এই উপমহাদেশের ধর্মীয় ও একাডেমিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
বিবৃতির শেষাংশে ডা. শফিকুর রহমান মরহুমের দ্বীনি খিদমতগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সাথে তিনি নিহতের পরিবার, সহকর্মী, ছাত্র ও গুণগ্রাহীদের এই কঠিন শোক কাটিয়ে উঠতে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।