“প্রচার ও মিডিয়া বিভাগকে আরও দক্ষ, সচেতন ও প্রযুক্তিবান্ধব হতে হবে” এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

গতকাল শুক্রবার নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগ এবং যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত বিশেষ আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে প্রচার ও মিডিয়া বিভাগের গুরুত্ব অপরিসীম। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এবং বিভ্রান্তি দূর করতে প্রত্যেক কর্মীকে আরও সচেতন ও দক্ষ হতে হবে। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার করে দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।

সভায় প্রচার ও মিডিয়া বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ দায়িত্ব পালনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এবং মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় দিকনির্দেশনা চান।

আয়োজকরা জানান, সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত, কার্যকর ও জনসম্পৃক্ত করার লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন। একই সময়ে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া বিভাগের সভায় সভাপতিত্ব করেন জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আহমাদ রায়হান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সাবেক আমীর মো. আব্দুর রশিদ, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম।

পরে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের নীলফামারী জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি সাংগঠনিক মান সংরক্ষণ, আদর্শিক দৃঢ়তা বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।