কুষ্টিয়ার খোকসায় শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর কালিমার পতাকা হাতে শান্তিপূর্ণ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক রাসুল (সা.)-এর অনুসারী ও বাইকার অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।

শোডাউনটি খোকসা পাইলট হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে খোকসা বাজারের প্রধান সড়ক, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক এবং কুমারখালীর গোলাম কিবরিয়া সেতু প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা পবিত্র মহররম মাস ও ১০ মহররম (পবিত্র আশুরা)-এর ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, আশুরা সত্য, ন্যায়, ত্যাগ ও ধৈর্য্যের এক অনন্য শিক্ষা বহন করে। এই আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধারণ করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।