গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কথিত গোপন বৈঠক থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ লাখ ৫৪ হাজার ৪০৫ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, একটি মামলার গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের শাহ মাখদুম রোডে অবস্থিত ক্যাফে দরবার রেস্টুরেন্টের নিচে ‘ক্রাশ স্টেশন’ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সেখানে কথিত গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিমপুর থানার বড় ভবানীপুর এলাকার মজিলশ খানের ছেলে কামরুজ্জামান খান (৫১), মৃত অলিমুদ্দিনের ছেলে তবিবুর রহমান তুহিন (৩৮), মজিলশ খানের ছেলে হুমায়ুন কবির খান (৪৮), উত্তর পানিশাইল এলাকার তৈয়জ উদ্দিনের ছেলে আশরাফুল আলম ওরফে আশরাফ মৃধা (৫৭) এবং টঙ্গী পূর্ব থানার চেরাগআলী এলাকার মৃত আবুল কালাম খানের ছেলে সাদমান সাকিব খান (২৬)।
অভিযানকালে তাদের কাছ থেকে নগদ ১০ লাখ ৫৪ হাজার ৪০৫ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া অর্থ গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বিতরণের জন্য সংগ্রহ করা হয়েছিল। তবে বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হবে।
এ ঘটনায় গাছা থানার মামলা নং-৪৪, তারিখ ২৩ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত-২০১৩)-এর ৮/৯(৩)/১০/১১/১২ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।