শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কারসহ ৫ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সমবেত হয়ে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট সাতমাথা অবরোধ করে।
এসময় শিক্ষার্থীরা "দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ" স্লোগান তুলে তাদের প্রধান দাবি পুনর্ব্যক্ত করে। একই সাথে তারা শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কার ও শিক্ষার্থীবান্ধব পরীক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণের তাগিদ দিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছে, ১৩ তারিখের পরীক্ষায় সৃজনশীল (CQ) ও বহুনির্বাচনী (MCQ) অংশ মিলিয়ে পাসের নিয়ম করতে হবে এবং কোনো বিলম্ব না করে চলমান পরীক্ষার সূচি দ্রুত পুনর্বিন্যাস করতে হবে। শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে এই আন্দোলনকে সম্পূর্ণ ন্যায্য ও শান্তিপূর্ণ উল্লেখ করে সচেতন সকল শিক্ষার্থীকে এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা।