প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় যুবদলের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি নেতা কামরুজ্জামান রতনের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হক মুন্না। এ সময় স্থানীয় এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—গজারিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার জালাল রিমু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নাজির সিকদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে অংশ নিচ্ছেন। বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার সামাজিক অঙ্গীকার।"