আগামীকাল ২ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ ১ জুলাই (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শিক্ষার্থীদের এই সফলতা কামনা করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে। আমি দেশের এই ভবিষ্যৎ প্রজন্মের সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও গৌরবোজ্জ্বল সাফল্য কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল শিক্ষার্থীর মেধাকে শানিত করেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তাদের জীবনের পরবর্তী সফলতার দ্বার উন্মোচন করে দেন।

পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক যত্নের ওপর জোর দিয়ে জামায়াত আমীর বলেন, শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে সম্মানিত অভিভাবকমণ্ডলী, শিক্ষকমণ্ডলী ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পরীক্ষার সার্বিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কর্তব্যরত শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

পরীক্ষার্থীদের সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, "পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় ও অনুমোদিত উপকরণ সঙ্গে নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। বিশেষ করে যানজটপূর্ণ শহর ও নগরগুলোতে পরীক্ষার্থীরা যাতে যথাসময়ে হলে পৌঁছাতে পারে, সেজন্য প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বের হওয়া, উপযুক্ত যানবাহন নির্বাচন এবং বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা জরুরি।"

বিবৃতিতে তিনি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের বিশেষ প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানান এবং সাধারণ জনগণকে এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।