বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সদস্য (রুকন) এবং সাবেক নায়েবে আমীর মরহুম মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর সহধর্মিণী রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। শনিবার ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ পুত্র, ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল ২৬ জুলাই বাদ এশা রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরস্থ সেন্ট্রাল মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁর মরদেহ জন্মস্থান বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

রাবেয়া খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকবাণী দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। শোকবাণীতে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সূচনালগ্নের অন্যতম সংগঠক মরহুম মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর জীবনসঙ্গিনী রাবেয়া খাতুন সারাজীবন একজন দ্বীনদার, পরহেযগার, ধৈর্যশীল ও আদর্শ গৃহিণী হিসেবে তাঁর স্বামীকে দ্বীনের খেদমতে নিরবচ্ছিন্ন সমর্থন ও প্রেরণা জুগিয়ে গেছেন। ইসলামী আন্দোলনের প্রতিকূল দিনগুলোতে তাঁর ত্যাগ ও ধৈর্য ছিল অপরিসীম।

আমীরে জামায়াত মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া জানান। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্বজনদের ধৈর্য ধারণ করার তাওফিক কামনা করেন।