ইসলামী আন্দোলনের আদর্শে দক্ষ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার উদ্যোগে ‘সদস্য শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

ভোলা জেলা আমির মো. জাকির হোসাইন-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, ভোলা জেলা তদারককারী এ কে এম ফখরুদ্দীন উদ্দিন খান রাজী এবং জেলা নায়েবে আমির ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. শাহজাহান বলেন, "একজন প্রকৃত নেতার পরিচয় পদ-পদবিতে নয়, বরং তার চরিত্র, সততা ও ন্যায়পরায়ণতায়। "তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের মূল ভিত্তি তিনটি—তাকওয়া, আমানতদারিতা এবং ইনসাফ। এই তিনটি গুণ যার মধ্যে থাকবে, তিনি ব্যক্তি, সংগঠন ও রাষ্ট্র পরিচালনায় সফলতার সঙ্গে মানুষের আস্থা অর্জন করতে পারবেন।

তিনি আরও বলেন, নেতৃত্ব একটি মহান আমানত। তাই প্রতিটি সদস্যকে আত্মশুদ্ধি, নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য দক্ষ ও আদর্শবান নেতৃত্ব তৈরির বিকল্প নেই।

বক্তারা বলেন, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট কাটিয়ে উঠতে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যেই সদস্যদের আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষাশিবিরের আয়োজন করা হচ্ছে।

দিনব্যাপী শিক্ষাশিবিরে নেতৃত্ব বিকাশ, সাংগঠনিক দায়িত্ব, সদস্যদের করণীয়, ব্যক্তিগত আমল-আখলাক এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে পৃথক অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্যরা অংশগ্রহণ করে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি, ইসলামী আন্দোলনের সফলতা এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।