ইসরায়েলের কঠোর অবরোধ এবং চিকিৎসা সরঞ্জাম প্রবেশে অব্যাহত বাধার কারণে গাজায় অন্তত দেড় হাজার মুমূর্ষু রোগীর মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দেওয়া তথ্যমতে, প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে প্রতিদিন অনেকেই মারা যাচ্ছেন।

জীবন বাঁচাতে এবং উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অপেক্ষায় ছিলেন প্রায় সাড়ে ১৬ হাজার রোগী। অবরোধের কারণে রোগীদের বাইরে পাঠানো যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও অন্যান্য সাহায্যকারী সংস্থার বারবার অনুরোধ সত্ত্বেও ইসরাইলের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

গাজার হাসপাতালগুলোতে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধ ও সামগ্রী নেই। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক হাসপাতাল ইতোমধ্যে অচল হয়ে পড়েছে।

চিকিৎসার অভাবে রোগীদের এই মৃত্যুর পাশাপাশি, ইসরায়েলের হামলায় দেড় হাজারের বেশি স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক নিহত হয়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এখনও প্রায় ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত এবং নানা ধরনের দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতায় ভুগছেন।