বরিশালের ঐতিহ্যবাহী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ আজ ছয় দশক পার করছে। এ কলেজে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ছয় দশক পেরিয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত কলেজের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। বরিশাল বিভাগ ছয়টি জেলা নিয়ে গঠিত। এই ছয়টি জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা নিয়মিত কলেজে আসেন। অধিকাংশ শিক্ষার্থী অর্থনৈতিক সংকটের কারণে প্রতিদিন কলেজে উপস্থিত হতে পারেন না। নিজস্ব যানবাহন না থাকায় প্রায়ই কলেজের নারী শিক্ষার্থীরা বিভিন্ন হয়রানির শিকার হন।
কলেজের একাডেমিক ভবনেও চরম সংকট রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে একটি বেঞ্চে চার থেকে পাঁচজনকে বসতে হয়। ছাত্রদের জন্য ছোট আকারের একটি হোস্টেল থাকলেও আজ পর্যন্ত ছাত্রীদের জন্য কোনো হোস্টেল তৈরি হয়নি। আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের বাড়তি ভাড়া গুণে বাইরে থাকতে হচ্ছে।
অনেক শিক্ষার্থীর অতিরিক্ত ব্যয়ের কারণে তাদের শিক্ষাজীবন ঝুঁকির মুখে পড়ছে। পরিবার আর্থিকভাবে সচ্ছল না থাকায় বাড়তি খরচ মেটাতে কলেজের অনেক শিক্ষার্থীকে ছোটখাটো কাজ করতে হচ্ছে। কাজের চাপে অধিকাংশ সময় তারা নিয়মিত ক্লাসে অংশ নিতে পারেন না, ফলে পরীক্ষার ফলও প্রত্যাশিত মানের ভালো হয় না।
কলেজের সকল সমস্যা সমাধানে কলেজ প্রশাসনকে শিক্ষার্থীরা বারবার অবহিত করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন, কিন্তু কাক্সিক্ষত কোনো ফল এখনো মেলেনি।
আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাতে চাই, প্রতিনিধি পাঠিয়ে কলেজের এ গুরুতর সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিন। একটি বিভাগীয় পর্যায়ের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ এভাবে আবাসন ও নিজস্ব পরিবহন সুবিধা ছাড়া চলতে পারে না।
-সাব্বির হোসেন মিরাজ
শিক্ষার্থী, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল।