আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে আদ্-দ্বীন হাসপাতালে সেবাগ্রহণকারী নাগরিক সমাজ। মানববন্ধনে অবিলম্বে লাইসেন্স ফিরিয়ে দিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিচালনায় সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। ৭ দিনের মধ্যে দাবি পূরণ না হলে রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা বলেন, কোন একটি ঘটনায় পুরো হাসপাতাল বন্ধ করে দিয়ে লাখ-লাখ মানুষের জীবন হুমকির মধ্যে ফেলে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। হাসপাতাল বন্ধ না করে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।

আদ্-দ্বীন সেবাগ্রহণকারী নাগরিক সমাজের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট সুলতান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাইফুল্লাহ বাপ্পি, আ জ ম ওবায়দুল্লাহ, আহসান উল্লাহ শামীম, আবু মুসা, জেসমিন আক্তার, ফারহানা লিপি, প্রিন্সিপাল এএসএম মোস্তফা কামাল, আহমদ আলী সরকার প্রমুখ।

বক্তারা বলেন, নাগরিক ভোগান্তি নিরসনে আগামী ৭ দিনের মধ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিতে হবে। অন্যথায় সকল সেবা গ্রহণকারীকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন তারা। এরপরও দাবি আদায় না হলে, স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করাসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেন তারা।