উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন (এসিইউ)-এর প্রতিনিধিদলের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) দুপুরে ধানমন্ডিস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় এসিইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা, অধ্যাপক কলিন রিওর্ডান। প্রতিনিধিদলের অপর সদস্য ছিলেন দক্ষিণ এশিয়ার মেম্বারশিপ এনগেজমেন্ট লিড, মিস ইকিতা পোখরনা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সভায় অংশগ্রহণ করেন ভিসি, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, প্রো-ভিসি, প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, রেজিস্ট্রার, মোল্লা মাহফুজ আল হোসেন, কমিউনিকেশন্স এক্সপার্ট, গৌতম বড়ুয়া এবং ইন্টারন্যাশনাল ডেস্কের ভারপ্রাপ্ত পরিচালক, রাজ বিন কাশেম।
সভায় উভয় পক্ষ উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষতাভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন, কারিগরি সহায়তা, গবেষণা সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে শিক্ষক ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ এবং বৈশ্বিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় ভিসি, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা সংস্কার, দক্ষতাভিত্তিক পাঠক্রম, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার গুণগত উৎকর্ষ অর্জনে আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সহযোগিতা শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি করবে।
এসিইউ প্রতিনিধিদল জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংস্থাটির বিভিন্ন কর্মসূচি, প্রশিক্ষণ, গবেষণা ও সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সভা শেষে উভয় পক্ষ একাডেমিক উন্নয়ন, শিক্ষক ও কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক সম্পৃক্ততা জোরদার এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।