জুলাইয়ের গণ-আকাক্সক্ষার প্রতিফলন এবারের জাতীয় বাজেটে নেই; বরং এটি পুরোনো ধারার বাজেট বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। গতকাল শুক্রবার সকালে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত সাইকেল র‌্যালির আগে দেওয়া স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার পথ উন্মুক্ত করেছে। এ বাজেট মূলত শুভঙ্করের ফাঁকি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, একই সঙ্গে খেলাপি ঋণগ্রহীতাদেরও নানা ধরনের সুবিধা দেওয়া হয়েছে। ফলে এটি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে। তিনি আরও বলেন, এই বাজেট তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে না।

শিক্ষা খাতের বরাদ্দ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, শিক্ষা বাজেটের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক ও আমলাতান্ত্রিক খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ব্যয় বাদ দিলে প্রকৃত শিক্ষা খাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দেড় শতাংশেরও নিচে নেমে আসবে বলে দাবি করেন তিনি।

রক্তদাতাদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, এক ব্যাগ রক্ত একটি মানুষের জীবন বাঁচাতে পারে। মানবতার সেবায় রক্তদাতারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। রক্তদান শুধু মানবসেবা নয়, এটি একটি ইবাদতও।

তিনি আরও বলেন, দেশের হাসপাতালগুলোতে আধুনিক পদ্ধতিতে রক্ত সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ সমস্যা সমাধানে একটি ডিজিটাল ব্লাড ডোনার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

স্বাগত বক্তব্য শেষে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে সাইকেল রর্‌্যালিটি ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও মধুবাগ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়। আয়োজকদের দাবি, র‌্যালিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

লাইফ সাইকেল বিডির পরিচালক তৌহিদুল ইসলাম রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, হেমায়েত হোসেন এবং লাইফ সাইকেলের সহকারী পরিচালক আব্দুল মোতালেবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রক্তদাতারা উপস্থিত ছিলেন।