সংসদের বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে কিছু ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ থাকলেও দেশের প্রয়োজনীয় মৌলিক অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন এ বাজেটের মাধ্যমে সম্ভব নয়। গতকাল শুক্রবার চট্টগ্রামের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

নাহিদ ইসলাম বলেন, যে বাজেট দিয়েছে, অর্থনৈতিক যে মৌলিক সংস্কার, তা এ বাজেট দিয়ে সম্ভব হবে না। রাজনৈতিক সংস্কারের পর অর্থনৈতিক সংস্কার এ বাজেটে সম্ভব নয়। সরকার কিছু সৃজনশীল কাজ দেখিয়েছে এ বাজেটে। কিছু কিছু পণ্যের কর কমানো হয়েছে, সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছে, কিন্তু তা বাস্তবায়ন সম্ভব নয়। সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বেড়েছে, তা নজিরবিহীন। এত কম সময়ে এত বেশি বিদ্যুতের দাম আগে বাড়েনি।

তিনি আরো বলেন, আগামীকাল (১৩ জুন) শনিবার চট্টগ্রামের লালদীঘিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে, সেখানে গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন এবং দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানার কথা বলবো। এই বিষয়গুলো বাস্তবায়নের দাবিতে দেশে বিভাগীয় পর্যায়ে প্রোগ্রাম করছি। সংসদের ভিতরে ও বাইরে আমরা কথা বলছি।

এর আগে নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটোয়ারী চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পরে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। সরকার শেখ হাসিনাকে নিয়ে আসার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। ওই দেশে ৩০ লাখ মুসলিম পরিচয় হওয়ায় তাদের অবৈধ বাংলাদেশি বলে ভারতে থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সীমান্ত এলাকায় তারা মানবেতর জীবনযাপন করছে। পাটোয়ারী বলেন, জিয়াউর রহমানের সময় সীমান্তের ওপারে ডিস্টার্ব করা হয়েছিল। শেখ হাসিনা ভারতে থেকে আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সরকারের সে জায়গার মধ্যে নমনীয় ভাব দেখা যাচ্ছে। আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন কীভাবে মাঠে মিছিল করছে? আমরা সে বিষয়ে সরকারের কাছে জবাব চাই।